Advertisement

এবার চাঁদাবাজির মামলায় ‘ডেভিড ইমন’ ৫ দিনের রিমান্ডে

এশিয়া পোস্ট নিউজ, চট্টগ্রাম
এবার চাঁদাবাজির মামলায় ‘ডেভিড ইমন’ ৫ দিনের রিমান্ডে
আদালতে নেওয়ার সময় ডেভিড ইমন। ছবি : এশিয়া পোস্ট

১০ দিনের রিমান্ড শেষে শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ‘ডেভিড ইমন’কে আবারও ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। হাটহাজারী থানার এক চাঁদাবাজির মামলায় তার এ নতুন রিমান্ড মঞ্জুর করা হয়।

Advertisement

বুধবার (১২ আগস্ট) চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন। এর আগে গত ২ আগস্ট পৃথক দুটি মামলায় তার মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলার কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান জানান, হাটহাজারী থানার চাঁদাবাজি মামলাটিতে তদন্ত কর্মকর্তা ৭ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২৯ জুলাই যশোরের কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম জেলা পুলিশ জানায়, গত ১৩ জুন নগরের পাহাড়তলী এলাকায় সংঘটিত মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার তদন্তে প্রাপ্ত তথ্য ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, বিদেশ থেকে চট্টগ্রামের অপরাধ জগৎ নিয়ন্ত্রণকারী ও ইন্টারপোলের রেড নোটিশভুক্ত সন্ত্রাসী ‘বড় সাজ্জাদ’-এর সেকেন্ড-ইন-কমান্ড হিসেবে পরিচিত এই ডেভিড ইমন। সাজ্জাদের অনুসারী হিসেবে একাধিক হত্যাকাণ্ড ঘটিয়ে এই চক্রে নিজের অবস্থান পোক্ত করেন তিনি। পলাতক সাজ্জাদের হয়ে চট্টগ্রাম অঞ্চলে অপরাধ নিয়ন্ত্রণে যে দুজন মূল ব্যক্তি নেতৃত্ব দেন, তার মধ্যে ইমন অন্যতম।

নগরের বায়েজিদ বোস্তামী, পাঁচলাইশ, পতেঙ্গা এবং রাউজান ও হাটহাজারী উপজেলায় এই চক্রটি সক্রিয়। সম্প্রতি চন্দনপুরার একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে এক কোটি টাকা চাঁদা না পেয়ে হামলা, ভাঙচুর ও ৩৫ লাখ টাকা লুটের অভিযোগ রয়েছে ইমনের অনুসারীদের বিরুদ্ধে।