চিকিৎসাধীন কারাবন্দি আওয়ামী লীগ সমর্থকের মৃত্যু

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জব্বার ওঝা (৬০) নামে কারাবন্দী এক আওয়ামী লীগ সমর্থকের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে তার মৃত্যু হয়।
নিহত জব্বার শরিয়তপুরের নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আদম আলী ওঝার ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সমর্থক ছিলেন বলে জানা গেছে।
জেলা কারাগার সূত্রে জানা গেছে, গত ৯ আগস্ট সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় জব্বার ওঝাকে শরীয়তপুর জেলা কারাগারে পাঠানো হয়। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে হঠাৎ তার পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয়। পরে কারাগার কর্তৃপক্ষ তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।
শরীয়তপুর জেলা কারাগারের জেলার এ জি মাহমুদ বলেন, শুক্রবার বিকেলে হঠাৎ জব্বার ওঝার পেটে ব্যথা শুরু হলে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে অ্যাম্বুলেন্সে করে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে শনিবার দুপুর ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি আরও বলেন, বর্তমানে জব্বার ওঝার মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের জন্য আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মরদেহ ফরিদপুর জেলা কারাগারের অধীনে রয়েছে।

