logo

ঝিনাইদহে পরিবেশক সমিতির গাড়ি থেকে চাঁদা আদায়, ব্যবসায়ীদের ক্ষোভ

ঝিনাইদহে পরিবেশক সমিতির গাড়ি থেকে চাঁদা আদায়, ব্যবসায়ীদের ক্ষোভ
ছবি: এশিয়া পোস্ট

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বারবাজার হাটে পরিবেশক সমিতির পণ্যবাহী গাড়ি থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এ নিয়ে ব্যবসায়ী ও পরিবেশকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

ব্যবসায়ী ও পরিবেশক সূত্রে জানা গেছে, কালীগঞ্জ পরিবেশক সমিতির পণ্যবাহী গাড়িগুলো বারবাজার হাটে প্রবেশের সময় ৪০ থেকে ১০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। অথচ এসব গাড়ি পৌর এলাকা থেকে পণ্য পরিবহনের সময় নিয়ম অনুযায়ী পৌরসভার টোল পরিশোধ করেই বের হয়। এরপর হাটে প্রবেশের সময় আবার টাকা নেওয়াকে অযৌক্তিক বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।

বারবাজার হাটের ইজারাদার রওশন আলী খোকা বলেন, হাটে পণ্য আনলে খাজনা দিতে হবে, এটা স্বাভাবিক। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি।

কালীগঞ্জ পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক বি এম কামরুজ্জামান শিপলু বলেন, পৌরসভার টোল পরিশোধ করেই পণ্যবাহী গাড়ি শহর ছাড়ে। এরপর আবার বারবাজার হাটে টাকা আদায় করা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, আপনার মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত অতিরিক্ত টাকা আদায় বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।