নীলফামারীতে রেললাইনের পাশে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ

নীলফামারী সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকালে উপজেলার চওড়া বড়গাছা ইউনিয়নের গাঠাংটারী এলাকায় রেললাইনের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয়রদের ধারণা, মঙ্গলবার রাতে কোনো একটি ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে কীভাবে এ ঘটনা ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়রা জানান, বুধবার সকালে রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে খবর পেয়ে সৈয়দপুর রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে নিহত যুবকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। নিহত যুবকের বয়স আনুমানিক ২৮ বছর।
স্থানীয় বাসিন্দা রফিক ইসলাম বলেন, মরদেহ দেখে তাকে চেনা যাচ্ছে না। আশপাশের এলাকার কেউ হলে আমরা চিনতে পারতাম।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী এশিয়া পোস্টকে বলেন, নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি।
