logo

পাম্পে তেল নিতে গিয়ে বাসের ধাক্কায় পল্লী চিকিৎসক নিহত

পাম্পে তেল নিতে গিয়ে বাসের ধাক্কায় পল্লী চিকিৎসক নিহত

বাগেরহাটের ফকিরহাটে পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে বাসের ধাক্কায় মো. ইয়াছিন শেখ নামে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন।

সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার পাগলা-শ্যামনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার। নিহত ইয়াছিন শেখ উপজেলার সাতশৈয়া গ্রামের শেখ আব্দুল বারীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইয়াছিন শেখ মোটরসাইকেলে তেল নেওয়ার জন্য পাগলা-শ্যামনগর এলাকার একটি ফিলিং স্টেশনে প্রবেশ করছিলেন। এ সময় খুলনাগামী একটি বাস ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা ইয়াছিন শেখকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে ইয়াছিন শেখ মারা যান। দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যায়।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার বলেন, সড়ক দুর্ঘটনার বিষয়টি জানা গেছে। কীভাবে ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

ওসি বলেন, একই দিন বেলা ১১টার দিকে পিলজংগ এলাকায় একটি ক্রেন উল্টে পড়ে ইসরাফিল শেখ নামে এক ব্যক্তি আহত হয়েছেন। এ ছাড়া উপজেলার শ্যামবাগাত এলাকায় বাসের ধাক্কায় এক অজ্ঞাত বাইসাইকেল আরোহী আহত হয়েছেন। আহত দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।