logo
Advertisement

নোয়াখালীতে ঘুরতে এসে দুই রোহিঙ্গা কিশোর-কিশোরী আটক

এশিয়া পোস্ট নিউজ, নোয়াখালী
নোয়াখালীতে ঘুরতে এসে দুই রোহিঙ্গা কিশোর-কিশোরী আটক
আটক দুই রোহিঙ্গা কিশোর-কিশোরী। ছবি : এশিয়া পোস্ট

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে ঘুরতে এসে নোয়াখালীর সুবর্ণচরে দুই রোহিঙ্গা কিশোর-কিশোরী স্থানীয়দের হাতে আটক হয়েছেন।

Advertisement

শনিবার (২২ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের চরমজিদ ভূঞারহাট বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন—কক্সবাজারের কুতুপালং ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের 'বি' ব্লকের আব্দুর রহমানের ছেলে মো. ইসমাঈল (১৭) এবং একই ব্লকের জাফর আহমেদের মেয়ে নুমিনা খাতুন (১৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইসমাঈল ও নুমিনা কুতুপালং ক্যাম্প থেকে নোয়াখালীর চরমজিদ ভূঞারহাট এলাকায় ঘুরতে আসেন। শনিবার রাতে তাদের ঘোরাঘুরি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে তারা নিজেদের স্বামী-স্ত্রী দাবি করেন এবং বেড়াতে আসার কথা জানান। পরে এলাকা ত্যাগ করার জন্য একটি বাস কাউন্টারে টিকিট কাটতে গেলে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে চরজব্বর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে যায়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। রোববার সকালে তাদের পুনরায় কক্সবাজারের ক্যাম্পে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে।