logo
Advertisement

কেরানীগঞ্জে তিন শিশুকে রেখে মা উধাও, বাবা কারাগারে

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,কেরানীগঞ্জ (ঢাকা)
কেরানীগঞ্জে তিন শিশুকে রেখে মা উধাও, বাবা কারাগারে
বাড়িতে রেখে যাওয়া তিন শিশু। ছবি: এশিয়া পোস্ট

তিন মাসের শিশুকে কোলে নিয়ে রাস্তায় দুই বোনের কান্না, উদ্ধার করে থানায় দিলেন চৌকিদার। কেরানীগঞ্জে বাবা কারাগারে থাকার সুযোগে তিন অবুঝ সন্তানকে রেখে মা উধাও হওয়ার অভিযোগ উঠেছে। তিন দিন ধরে না খেয়ে থাকা তিন শিশুকে রাস্তা থেকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয় এক ইউনিয়ন পরিষদের চৌকিদার।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মডেল থানার মুক্তিরবাগ এলাকায় হৃদয়বিদারক এ ঘটনা ঘটে।

উদ্ধার শিশুরা হলো— আলিবা (৮), ইভা (৫) ও মুনিয়া (৩ মাস)। তাদের বাবা ইমরান হোসেন বর্তমানে কাশিমপুর কারাগারে অন্তরিন রয়েছেন বলে জানা গেছে। শিশুদের মায়ের নাম জান্নাত বেগম।

কালিন্দী ইউনিয়ন পরিষদের চৌকিদার সাদ্দাম হোসেন জানান, মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদে দায়িত্ব পালন শেষে বিকাল ৩টার দিকে মুক্তিরবাগ এলাকা দিয়ে নিজ বাসায় ফিরছিলেন তিনি। এসময় রাস্তার পাশে তিন মাসের শিশুকে কোলে নিয়ে দুই বোনকে কান্নাকাটি করতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় তিন শিশুকে উদ্ধার করে কেরানীগঞ্জ মডেল থানায় নিয়ে যান তিনি।

সাদ্দাম হোসেন আরও জানান, কয়েকদিন আগে শিশুদের মা জান্নাত বেগম মুক্তিরবাগ এলাকায় তোরাব আলী নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া নেন।

শিশুদের কাছ থেকে জানা গেছে, তাদের বাবা ইমরান হোসেন কাশিমপুর কারাগারে রয়েছেন। প্রায় তিন দিন আগে তাদের মা তিন সন্তানকে রেখে চলে গেছেন। এরপর থেকে তারা অসহায় অবস্থায় ছিল।

এদিকে তিন শিশুকে থানায় নিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে তাদের এক নজর দেখতে থানায় ভিড় করেন স্থানীয়রা। অনেকেই তিন মাস বয়সি শিশুটিকে দত্তক নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।

কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. রুহুল কদ্দুস এশিয়া পোস্টকে জানান, উদ্ধার হওয়া তিন শিশুর মধ্যে দুই শিশুকে সমাজসেবা কার্যালয়ে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে। আর তিন মাস বয়সি শিশুটিকে আপাতত নিরাপদ হেফাজতে রাখার পাশাপাশি সাময়িকভাবে দত্তক দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শিশুদের মা কোথায় রয়েছেন এবং কী কারণে তিন সন্তানকে রেখে চলে গেছেন, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।