logo

বিস্কুট কিনতে মায়ের কাছ থেকে টাকা নিয়ে আর ফিরল না শিশু সিয়াম

বিস্কুট কিনতে মায়ের কাছ থেকে টাকা নিয়ে আর ফিরল না শিশু সিয়াম
শিশু সিয়ামের মৃত্যুতে পরিবারের আহাজারি। ছবি: এশিয়া পোস্ট

চুয়াডাঙ্গার দামুড়হুদায় রোববার (৪ অক্টোবর) সকালে মায়ের কাছে বিস্কুট খাওয়ার বায়না ধরে শিশু সিয়াম হোসেন। পরে মায়ের কাছ থেকে ১০ টাকা নিয়ে খাবার কিনতে গিয়ে জীবিত আর ফিরে আসল না সে।

স্থানীয়রা জানান, ১০ টাকা নিয়ে বাড়ির পাশে একটি দোকানে বিস্কুট কিনতে যায় সিয়াম। পথে অসাবধানতাবশত তার হাত থেকে টাকা সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়। সেই টাকা তুলতে গিয়ে পুকুরে ডুবে তার মৃত্যু হয়।

রোববার (৪ অক্টোবর) সকাল ১০টার দিকে দামুড়হুদা উপজেলার ভারত সীমান্তবর্তী কুতুবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম হোসেন একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, ১০ টাকা নিয়ে দীর্ঘ সময় বাড়ি না ফেরায় তাকে বিভিন্ন জায়গায় খোঁজা হয়। পরে বাড়ির পাশে একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন বলেন, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।