আইজিপির বাড়িতে চুরির ঘটনায় ৩ জন আটক

বাগেরহাটে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বাড়িতে চুরির ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৮ মার্চ) দুপুরে বাগেরহাটের পুলিশ সুপার মো. হাছান চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তবে বাড়ির মধ্যে চুরি হয়নি বলে জানিয়েছেন পুলিশ সুপার।
আটক তিনজন হলেন—মো. রবিউল ইসলাম, আব্দুর কাদের ও মো. চঞ্চল শেখ। তাদের বাড়ি বাগেরহাটের বিভিন্ন এলাকায়।
পুলিশ জানায়, সোমবার (১৭ মার্চ) চুরির বিষয়টি থানা পুলিশের নজরে আসার পর অভিযান পরিচালনা করে জড়িত তিনজনকে আটক করা হয়। এ সময় চুরি হওয়া তার উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুপার মো. হাছান চৌধুরী বলেন, বিভিন্ন গণমাধ্যমে আইজিপির বাসভবনে চুরি হয়েছে বলে উল্লেখ করা হয়। সংবাদটি আমাদের নজরে এসেছে। প্রকৃতপক্ষে আইজিপির বাসভবনে কোনো ধরনের চুরির ঘটনা ঘটেনি। যথাযথ যাচাই-বাছাই ছাড়াই কিছু গণমাধ্যম এ ধরনের তথ্য প্রচার করেছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে। প্রকৃত ঘটনা হলো, গত সোমবার (১৬ মার্চ) রাত ১১টার দিকে ঝড়-বৃষ্টির সময় বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল। বাসার বাইরের দেয়াল-সংলগ্ন সার্ভিস লাইনের তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়, পরে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই তারগুলো নিয়ে যায়। এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে।