Advertisement

সুনামগঞ্জে নৌকাডুবে নিহত বেড়ে ২

এশিয়া পোস্ট নিউজ, সুনামগঞ্জ
সুনামগঞ্জে নৌকাডুবে নিহত বেড়ে ২
ছবি: এশিয়া পোস্ট

সুনামগঞ্জের জগন্নাথপুরে কীর্তন শুনে বাড়ি ফেরার পথে হাওরে নৌকাডুবে সত্যেন্দ্র নাথ সতী (৬৫) নামে আরও একজনের মিরেদেহ উদ্ধার করা হয়েছে। আরও দুজন নিখোঁজ রয়েছেন।

শনিবার (১ আগস্ট) বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সত্যেন্দ্র নাথ সতী জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুরের মৃত সুবল দেবনাথের ছেলে।

এর আগে এদিন সকালে অরুণ দেবনাথ (৪০) নামে একজনের লাশ উদ্ধার করা হয়। তিনি একই এলাকার মৃত অনিল দেবনাথের ছেলে।

নিখোঁজ ব্যক্তিরা হলেন—পূর্ব ভবানীপুর গ্রামের মৃত যোগেন্দ্র দেবনাথের ছেলে হেমেন্দ্র দেবনাথ (৩২) এবং নিহত অরুণ দেবনাথের ছোট ভাই অধীর দেবনাথ (৩৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাত ৮টার দিকে জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকা থেকে নয়জন একটি ছোট নৌকায় করে পার্শ্ববর্তী ভরাউট এলাকায় কীর্তন অনুষ্ঠানে যান। অনুষ্ঠান শেষে রাত সাড়ে ৩টার দিকে বাড়ি ফেরার পথে মইয়ার হাওরে হঠাৎ ঝোড়ো বাতাসের কবলে পড়ে বালুচর এলাকায় নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা নয়জনের মধ্যে পাঁচজন সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও চারজন নিখোঁজ হন। পরবর্তীতে শনিবার বেলা ১১টার দিকে অরুণ দেবনাথ ও বিকেল ৫টার দিকে সত্যেন্দ্র নাথ সতীর লাশ উদ্ধার করা হয়। স্থানীয়দের সহায়তায় জগন্নাথপুর উপজেলা প্রশাসন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান পরিচালনা করছেন। তবে এখনও নিখোঁজ দুজনের কোনো সন্ধান পাওয়া যায়নি।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, শুক্রবার শেষ রাতে মইয়ার হাওরে নৌকাডুবিতে চারজন নিখোঁজ ছিলেন। শনিবার সকালে একজনের ও বিকেলে আরেকজনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও দুজন নিখোঁজ রয়েছেন। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।