logo

বাবাকে হত্যাচেষ্টা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হত্যাচেষ্টা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের
নিহত শাহিন মিয়া। ছবি: এশিয়া পোস্ট

নরসিংদীর রায়পুরা উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল শাহিন মিয়া (২২) নামে এক যুবকের। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই মোকারম (৫০) ও তার ছেলে রাব্বি মিয়ার (১৬) বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

বুধবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ খলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহিন ওই এলাকার আওলাদ হোসেনের ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে আওলাদ হোসেন ও তার চাচাতো ভাই মোকারমের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার বিকেলে বাড়ির পাশে ইটের স্তূপ থেকে ইট নেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে মোকারম ও তার ছেলে রাব্বি দা নিয়ে আওলাদ হোসেনের ওপর হামলা করতে এগিয়ে যান। এ সময় বাবাকে রক্ষা করতে এগিয়ে গেলে শাহিন আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে খবর পেয়েছি, ইটের মালিকানা নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হামলায় শাহিন নামে এক যুবক নিহত হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা হয়েছে। তারা এখন নরসিংদী সদর হাসপাতালে আছেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।