ডিবির অভিযানে ৮ লাখ টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার

পিরোজপুরের মঠবাড়িয়ায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে প্রায় ৮ লাখ টাকার ইয়াবা ও নগদ ১ লাখ টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
শনিবার (৭ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার সাফা বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুই হাজার ১৫ পিস ইয়াবা ও নগদ ১ লাখ টাকা উদ্ধার করে পুলিশ। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ছয় হাজার টাকা।
গ্রেপ্তাররা হলেন মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়নের মো. রুবেল বেপারী (২৯) এবং মিরুখালী ইউনিয়নের ইমাদুল দফাদার (২৭)।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. রবিউল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হবে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।