logo

এসএসসি পরীক্ষার্থীর বিয়ের খাবার এতিমখানায় দিলেন প্রশাসন

এসএসসি পরীক্ষার্থীর বিয়ের খাবার এতিমখানায় দিলেন প্রশাসন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এসএসসি পরীক্ষার্থী এক শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় কিশোরীর বাবাকে আর্থিক জরিমানার পাশাপাশি বিয়ের জন্য রান্না খাবার জব্দ করে এতিমখানায় পাঠিয়েছে প্রশাসন।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে কসবা পৌরশহরের বগাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বগাবাড়ি এলাকায় এক কিশোরীর বাল্যবিয়ের আয়োজন চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পারে উপজেলা প্রশাসন। পরে কসবার সহকারী কমিশনার (ভূমি) মো. তানজিল কবির দ্রুত ঘটনাস্থলে গিয়ে জন্মসনদ অনুযায়ী ওই কিশোরীর বয়স ১৬ বছর ৬ মাস এবং সে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী তদন্তে বের হয়ে আসে। তখন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আইন অনুযায়ী প্রাপ্তবয়স্ক না হওয়ায় বাল্যবিয়ের প্রস্তুতি বন্ধ করে। 

এ ঘটনায় ওই কিশোরীর বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তিনি মেয়ের প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ে না দেওয়ার বিষয়ে লিখিত মুচলেকা দেন। এছাড়া অভিযানকালে বিয়ের জন্য প্রস্তুত খাবার জব্দ করে স্থানীয় আড়াইবাড়ী এতিমখানায় বিতরণ করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার মো. তানজিল কবির বলেন, বাল্যবিবাহ একটি শাস্তিযোগ্য অপরাধ। এটি একটি মেয়ের স্বাভাবিক বিকাশ ও শিক্ষাজীবনকে বাধাগ্রস্ত করে। প্রশাসন এ ধরনের অপরাধ প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।