logo
Advertisement

ঘরে ঢুকে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
কুমিল্লা, চট্টগ্রাম
ঘরে ঢুকে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
নিহত কুমিল্লার শ্রীকাইল ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য আনোয়ার হোসেন। ছবি: এশিয়া পোস্ট

কুমিল্লার বাঙ্গরা বাজার থানার শ্রীকাইল ইউনিয়নে ঘরে ঢুকে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী।

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার শ্রীকাইল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর পেন্নই দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইউপি সদস্য আনোয়ার হোসেন শ্রীকাইল ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

জানা গেছে, কয়েকজন হামলাকারী রাতে ইউপি সদস্যের বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে ইউপি সদস্যকে এলোপাতাড়ি কোপাতে থাকে। স্বামীকে রক্ষা করতে তার স্ত্রী এগিয়ে এলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্যোগ নেন। সেখানে ইউপি সদস্যের মৃত্যু হয়। তার স্ত্রীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আলম বলেন, রাত ২টার দিকে শ্রীকাইল ইউনিয়নের উত্তর পেন্নই দক্ষিণপাড়া এলাকায় ঘরে ঢুকে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় তার স্ত্রীও আহত হয়েছেন।

ওসি আরও জানান, হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত চলছে।