logo

সিলেট বিমানবন্দরের সার্ভার রুমে আগুন

সিলেট বিমানবন্দরের সার্ভার রুমে আগুন

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সার্ভার রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সিলেট ফায়ার সার্ভিসের স্টেশন থেকে দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

রোববার (৫ এপ্রিল) রাত ১১টা ৩৫ মিনিটে সিলেট ফায়ার স্টেশনের কন্ট্রোল রুম এই আগুনের সংবাদ পায়। সঙ্গে সঙ্গে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে সিলেট ফায়ার স্টেশনের কন্ট্রোল রুম জানায়, রোববার (৫ এপ্রিল) রাত ১১টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পাই। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। আগুন নিয়ন্ত্রণে আসে রাত ১২টা ৫ মিনিটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এরাইভাল ইমিগ্রেশনের (কাস্টমসের উপরের তলা) সার্ভার রুম থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ রাত একটায় জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনও ধোঁয়া রয়েছে। বিমানবন্দরের সব ফ্লাইট শেষ হওয়ার পরই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তিনি বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত রুমসহ অন্যান্য যন্ত্রপাতির সম্ভাব্য ক্ষয়ক্ষতি যাচাই করা হচ্ছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আমরা দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কাজ করছি। প্রাথমিকভাবে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।