রাঙ্গুনিয়ায় পাহাড়ি ঢলে নিখোঁজ তরুণের লাশ উদ্ধার, বন্যায় মৃত্যু বেড়ে ৩

এশিয়া পোস্ট নিউজ, চট্টগ্রাম
রাঙ্গুনিয়ায় পাহাড়ি ঢলে নিখোঁজ তরুণের লাশ উদ্ধার, বন্যায় মৃত্যু বেড়ে ৩
ইনসেটে মো. সোলেমান। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় কর্ণফুলী নদীতে পাহাড়ি ঢলের তীব্র স্রোতে ভেসে আসা লাকড়ি সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ হওয়া তরুণের মরদেহ দুদিন পর উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) বোয়ালখালী উপজেলার লোহিত এলাকা সংলগ্ন কর্ণফুলী নদী থেকে ফায়ার সার্ভিসের সহায়তায় তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মো. সোলেমানের (২০) রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (১১ জুলাই) সকালে রাঙ্গুনিয়া উপজেলার পূর্ব সরফভাটা এলাকায় বড় ভাই আব্দুল হালিমকে সঙ্গে নিয়ে একটি ডিঙি নৌকায় করে কর্ণফুলী নদীতে লাকড়ি সংগ্রহ করতে যান সোলেমান। পাহাড়ি ঢলের তীব্র স্রোতের কারণে একপর্যায়ে তাদের নৌকাটি উল্টে যায় এবং দুই ভাই নদীতে পড়ে যান। নদীর তীরে থাকা অন্যান্য লোকজন তাৎক্ষণিকভাবে বড় ভাই আব্দুল হালিমকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও সোলেমান তীব্র স্রোতে তলিয়ে যান। ঘটনার পরপরই রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দুদিন অনুসন্ধানের পর আজ বোয়ালখালী অংশের লোহিত এলাকায় নদীতে লাশটি ভেসে উঠলে উদ্ধার করা হয়।

উদ্ধার অভিযানের বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের টিম লিডার মো. জাহেদুর রহমান জানান, নিখোঁজের পর থেকেই ফায়ার সার্ভিস ও ডুবুরি দল সর্বোচ্চ চেষ্টা চালিয়ে আসছিল। আজ নদী থেকে ওই তরুণের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।

বর্ষা মৌসুমে নদীর তীব্র স্রোত ও আকস্মিক ঢলের বিষয়টি মাথায় রেখে স্থানীয় প্রশাসন এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সর্বসাধারণকে সতর্ক করা হয়েছে। ঝুঁকিপূর্ণ সময়ে কর্ণফুলী নদীতে লাকড়ি সংগ্রহ বা অপ্রয়োজনে নদীতে না নামার জন্য জরুরি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

চলমান বন্যা ও দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে রাঙ্গুনিয়ায় সোলেমানসহ এখন পর্যন্ত তিনজনের প্রাণহানির খবর নিশ্চিত হওয়া গেছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, অন্য দুজনের মধ্যে একজন ইছাখালী এলাকায় পাহাড়ধসে এবং অন্যজন সরফভাটায় পাহাড়ি ঢলের স্রোতে ভেসে গিয়ে নিহত হয়েছেন।