logo

গুল খাইয়ে স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন

গুল খাইয়ে স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন
ফরিদপুর জেলা জজ কোর্টি। ছবি: এশিয়া পোস্ট

যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের পর গুল (তামাক) খাইয়ে হত্যার দায়ে মো. জিল্লুর মোল্লাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। এ কারণে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত জিল্লুর মোল্লা ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার চরডাঙ্গা গ্রামের আছাদ মোল্লার ছেলে।

মামলার নথি সূত্রে জানা যায়, পারিবারিকভাবে জিল্লুর মোল্লার সঙ্গে ওই নারীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন জিল্লুর। ২০১৯ সালের ১৯ মার্চ বিকেলে স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে নিহতের স্বজনেরা জানতে পারেন, পারিবারিক কলহের জেরে ওই নারী ‘গুল’ খেয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে স্বজনেরা জিল্লুরের বাড়ির উঠানে একটি চৌকির ওপর ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন।

এ ঘটনায় নিহতের দুলাভাই ইমরান মোল্লা বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় মামলা করেন। এ মামলার তদন্ত ও ময়নাতদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি আত্মহত্যা নয়। নিহতের শ্বাসনালি ও পরিপাকতন্ত্রে উচ্চমাত্রার নিকোটিনজাত বিষক্রিয়ার উপস্থিতি পাওয়া যায়। চিকিৎসকের মতামতেও মৃত্যুটিকে হত্যাজনিত বলে উল্লেখ করা হয়।

আলফাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) নাজিমুদ্দিন মামলাটি তদন্ত করেন। তদন্ত শেষে জিল্লুর মোল্লাকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য-প্রমাণ, ময়নাতদন্ত প্রতিবেদন ও যুক্তিতর্ক পর্যালোচনা শেষে আদালত জিল্লুর মোল্লাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, যৌতুকের জন্য স্ত্রীকে নির্মমভাবে হত্যার ঘটনায় আদালত দৃষ্টান্তমূলক রায় দিয়েছেন। তিনি বলেন, আদালতের এই কঠোর রায় যৌতুক ও নারী নির্যাতনের বিরুদ্ধে সমাজে ইতিবাচক বার্তা দেবে।