logo

মাদ্রাসার পুকুরের ঘাটের নিচে মিলল শিক্ষার্থীর মরদেহ

মাদ্রাসার পুকুরের ঘাটের নিচে মিলল শিক্ষার্থীর মরদেহ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় একটি মাদ্রাসার পুকুর থেকে মারুফ হাসান (১০) নামে এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের মোস্তফাগঞ্জ মাদ্রাসা প্রাঙ্গণের পুকুর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

রোববার (৫ এপ্রিল) সকালে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

মারুফ হাসান ইছাপুরা এলাকার মিনার হোসেনের ছেলে। তিনি মোস্তফাগঞ্জ মাদ্রাসার কিতাব বিভাগের চতুর্থ শ্রেণির আবাসিক ছাত্র ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে মারুফকে মাদ্রাসাটিতে ভর্তি করানো হয়। শনিবার দুপুর ২টার দিকে তার বাবা মিনার হোসেন ছেলেকে দেখতে ও খাবার দিতে মাদ্রাসায় গেলে তাকে খুঁজে পাওয়া যায় না। পরে শিক্ষক ও শিক্ষার্থীদের সহায়তায় মাদ্রাসা ও আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। একপর্যায়ে রাত সাড়ে ৮টার দিকে মাদ্রাসার পুকুর পাড়ের নতুন ঘাটলার নিচে মারুফের ভাসমান মরদেহ দেখা যায়।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ হান্নান বলেন, এ বিষয়ে এখনও কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।