Advertisement

কুড়িগ্রামে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার

এশিয়া পোস্ট নিউজ, কুড়িগ্রাম
কুড়িগ্রামে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার
কুড়িগ্রামের উলিপুর উপজেলার ফুলবাড়ী এলাকা থেকে ১০ ফুট লম্বা অজগরটি উদ্ধার করা হয়। ছবি: এশিয়া পোস্ট

কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চর কৃষামত ফুলবাড়ী এলাকা থেকে ১০ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে লোকালয়ের পাশে অজগরটি দেখা গেলে এলাকাজুড়ে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয়রা জানান, সকালে কৃষামত ফুলবাড়ী এলাকায় হঠাৎ অজগরটি দেখতে পেয়ে উৎসুক জনতা ভিড় জমায়। ঘটনাটি ছড়িয়ে পড়লে আশপাশের শত শত মানুষ সাপটিকে দেখতে আসেন। এ সময় কৌতূহলী অনেকে অজগরটির ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। পরে স্থানীয়রা অজগরটিকে নিয়ন্ত্রণে এনে বন বিভাগে খবর দেন। খবর পেয়ে বন বিভাগের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়।

এলাকাবাসীর মতে, ওই এলাকায় এর আগে কখনও এত বড় অজগর সাপ দেখা যায়নি।

জেলা বন কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, সংবাদ পেয়ে আমাদের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় ১০ ফুট লম্বা অজগরটি উদ্ধার করে। প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে এটিকে রংপুর চিড়িয়াখানায় হস্তান্তর করা হবে।