logo

এশিয়া পোস্টে সংবাদ প্রকাশের পর বিএনপি নেতা বহিষ্কার 

এশিয়া পোস্টে সংবাদ প্রকাশের পর বিএনপি নেতা বহিষ্কার 

রংপুরের মিঠাপুকুর উপজেলায় ফ্যামিলি কার্ডের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণচেষ্টার ঘটনায় এশিয়া পোস্টে সংবাদ প্রকাশের পরেই অভিযুক্ত নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম নিক্সন (পাইকার)। এর আগে, মঙ্গলবার সকালে ‘বিএনপি নেতার বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ’ শিরোনামে এশিয়া পোস্টে সংবাদ প্রকাশ হয়।

মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম রব্বানী ও সাধারণ সম্পাদক মো. মোতাহারুল ইসলাম নিক্সন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে মিঠাপুকুর উপজেলার ৪নং ভাংনী ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মো. এনামুল হক কে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম হতে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযোগের তদন্তের জন্য ৪নং ভাংনী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাহবুবুর রহমান এবং সাধারণ সম্পাদক মো. আবুল হোসেনের নেতৃত্বে দুই সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যথাযথ তদন্তের মাধ্যমে মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক মো. গোলাম রব্বানী এবং সাধারণ সম্পাদক মো. মোতাহারুল ইসলাম নিক্সন পাইকার বরাবর লিখিত আকারে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে ভুক্তভোগী ওই নারী জানান, জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোটের জন্য কাজ করি। নির্বাচনের পরেই দলের পক্ষে কাজ করার পুরস্কার হিসেবে ফ্যামিলি কার্ড করে দেওয়ার প্রতিশ্রুতি দেন বিএনপি নেতা এনামুল। ঈদের পরেই ফ্যামিলি কার্ড দেওয়া হবে এমন কথা বলে গত শনিবার দুপুর ১২টার দিকে বাড়িতে নম্বর নিতে আসে এনামুল। বাড়িতে লোকজন না থাকার সুবাদে আমাকে জড়িয়ে ধরে খারাপ কাজ করার চেষ্টা করে। আমি অনেক কষ্টে ধাক্কা দিয়ে নিজেকে রক্ষা করেছি। এ ঘটনা জানাজানি হলে সে বলছে, তার বিচার কেউ করতে পারবে নাহ। আমি ন্যায্য বিচার চাই।

মিঠাপুকুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম নিক্সন (পাইকার) এশিয়া পোস্টকে বলেন, ঘটনাটি সকালে আমাদের নজরে আসার পরেই ওই নেতাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদবি থেকে সাময়িকভাবে অব্যাহতি দিয়ে দুই সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের রিপোর্ট পেলে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

মিঠাপুকুর থানার অফিসার্স ইনচার্জ ওসি মো. নুরুজ্জামান বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।