মানিকগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছে জেলা সিভিল সার্জনের কার্যালয়। পরিদর্শনকালে নানা ধরনের অনিয়ম ও অব্যবস্থাপনার প্রমাণ পাওয়ায় সিংগাইরের সায়মা ডায়াগনস্টিক সেন্টার ও শাহরাইল ডায়াগনস্টিক সেন্টার তাৎক্ষণিকভাবে সিলগালা করে দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করতে গিয়ে সার্বিক সহযোগিতা করেন সিংগাইর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাফসান রেজা।
অভিযান পরিচালনাকালে উপজেলার বিভিন্ন বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সেবার মান, লাইসেন্সসহ প্রয়োজনীয় সকল কাগজপত্র এবং প্যাথলজি বিভাগের অভ্যন্তরীণ কার্যক্রম নিবিড়ভাবে পরিদর্শন ও পর্যবেক্ষণ করা হয়। সার্বিক কার্যক্রম খতিয়ে দেখার সময় বিধিবহির্ভূত অনিয়ম পরিলক্ষিত হওয়ায় সায়মা ডায়াগনস্টিক সেন্টার ও শাহরাইল ডায়াগনস্টিক সেন্টারের সেবা সম্পূর্ণ বন্ধ করে সিলগালা করে দেয় প্রশাসন।
এ ছাড়া অভিযানে ইসলামিয়া ডায়াগনস্টিক সেন্টার, খান ডায়াগনস্টিক সেন্টার ও সিংগাইর ক্লিনিকের প্যাথলজি বিভাগের যাবতীয় কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। অভিযুক্ত এসব প্রতিষ্ঠানের নথিপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র গভীরভাবে যাচাই-বাছাইপূর্বক দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রে জানা গেছে।
অন্যদিকে নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টার ও ইব্রাহিম মেমোরিয়াল মেডিকেল সেন্টার কর্তৃপক্ষকে তাদের প্রতিষ্ঠানের প্রয়োজনীয় দাপ্তরিক কাগজপত্র অবিলম্বে হালনাগাদ ও প্রয়োজনীয় যাচাই-বাছাই করার সময়সীমা বেঁধে সুযোগ প্রদান করা হয়।
অভিযান শেষে সার্বিক পরিস্থিতি নিয়ে সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস সাংবাদিকদের বলেন, মানিকগঞ্জের সাধারণ জনগণের জন্য শতভাগ মানসম্মত ও নিরাপদ স্বাস্থ্যসেবা পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যেই আমরা এ অভিযান পরিচালনা করেছি। কোনো ধরনের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অনিয়ম, অবহেলা ও অনাকাঙ্ক্ষিত অব্যবস্থাপনা কোনোভাবেই বরদাশত করা হবে না। জনস্বার্থে স্বাস্থ্যখাতে এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।


