কুমিল্লা বোর্ডে ১৫ প্রতিষ্ঠানে শতভাগ ফেল, কারণ খুঁজতে তদন্ত কমিটি

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী পাস করতে পারেননি। এসব প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।
শনিবার (৩১ অক্টোবর) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম এ তথ্য জানান।
শতভাগ অকৃতকার্য হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে চাঁদপুরের কচুয়া উপজেলার চাঁদপুর পৌর শহীদ জাভেদ হাই স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লার লালমাই উপজেলার সুরুজ মেমোরিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজ এবং লক্ষ্মীপুর সদর উপজেলার কেমব্রিজ সিটি কলেজ।
এ ছাড়া তালিকায় রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ ও বগোইর বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ; লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ; চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ডা. এম. শামসুল হক মডেল কলেজ এবং ফেনী সদর উপজেলার বেগম শামসুন নাহার গার্লস স্কুল অ্যান্ড কলেজ।
লক্ষ্মীপুর সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধা ড. মমতাজ উদ্দিন আলোকিত কলেজ ও প্রফেসর সেকান্দার আলী ভূঁইয়া গার্লস হাই স্কুলও রয়েছে এ তালিকায়।
অন্য প্রতিষ্ঠানগুলো হলো নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আপার মডেল কলেজ, লক্ষ্মীপুর সদর উপজেলার লক্ষ্মীপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, কমলনগর উপজেলার ফজুমিয়ার হাট হাইস্কুল অ্যান্ড কলেজ, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ এবং ফেনী সদর উপজেলার বেকন মডেল কলেজ।
শূন্য পাসের এসব প্রতিষ্ঠানের ফলাফল উন্নয়নে নতুন উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন বোর্ডের সচিব অধ্যাপক জাহাঙ্গীর আলম। তিনি বলেন, এ লক্ষ্যে প্রতিষ্ঠানগুলোর শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে সেমিনার, সিম্পোজিয়াম এবং অভিভাবক সমাবেশ আয়োজনের পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, এসব প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী কেন পাস করতে পারেননি, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটির সুপারিশের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

