মধ্যরাতে লাগা আগুনে পুড়ে ছাই ৬ দোকান

ঝালকাঠির নলছিটি উপজেলায় মধ্যরাতে অগ্নিকাণ্ডে ছয় দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ১৫ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
মঙ্গলবার (৩ মার্চ) রাত দেড়টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়ন পরিষদ সম্মুখ সড়কের পাশে অবস্থিত দোকানগুলোতে এ অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয়রা জানান, ‘রাজিব স্টোর’-এ আগুন জ্বলতে দেখে তারা নেভানোর চেষ্টা করেন। তীব্রতা বেশি থাকায় মুহূর্তের মধ্যে আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
রাজিব স্টোরের স্বত্বাধিকারী রাজিব হোসেন বলেন, রমজান উপলক্ষে দোকানে অনেক টাকার মালামাল ছিল। কিছুই রক্ষা করতে পারলাম না। সব পুড়ে গেছে, কিছুই অবশিষ্ট নেই।
নলছিটি ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মফিজুর রহমান বলেন, রাত ১টার পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।