logo

ট্যানারি বর্জ্য দিয়ে তৈরি করা হয় পশুখাদ্য, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ট্যানারি বর্জ্য দিয়ে তৈরি করা হয় পশুখাদ্য, তিন প্রতিষ্ঠানকে জরিমানা
ভেজাল পশুখাদ্য তৈরির কারখানায় অভিযান। ছবি: এশিয়া পোস্ট

ময়মনসিংহের ত্রিশালে ক্ষতিকারক ট্যানারি বর্জ্য মিশিয়ে ভেজাল পশুখাদ্য তৈরির অভিযোগে তিন প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার বৈলর ইউনিয়নের বড়পুকুর পাড় এলাকায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেওয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ত্রিশাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহিদুল ইসলাম। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজনীন সুলতানা এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহানা নাজনীন উপস্থিত ছিলেন।

প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে ক্ষতিকারক ট্যানারি বর্জ্য মিশিয়ে ভেজাল পশুখাদ্য তৈরির সত্যতা পাওয়ায় ‘মেসার্স সুজন ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী মোছা. রিনা আক্তারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। মৎস্য ও পশুখাদ্য আইন, ২০১০-এর ২০ ধারায় তাকে এ অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া বৈধ লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে একই এলাকার ‘মেসার্স লতিফ ট্রেডার্স’-এর মালিক মানিক মিয়াকে ৫ হাজার টাকা এবং ‘বঙ্গ ট্রেডিং করপোরেশন’-এর মালিক রুবেল হাসানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ত্রিশাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহিদুল ইসলাম বলেন, অভিযানে তিন প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।