logo

নেশাগ্রস্ত ছেলেকে প্রশাসনে দিলেন বাবা, কারাগারে পাঠালেন ইউএনও

নেশাগ্রস্ত ছেলেকে প্রশাসনে দিলেন বাবা, কারাগারে পাঠালেন ইউএনও

বাবা-ছেলের সম্পর্ক সাধারণত ভালোবাসা ও স্নেহের হয়। বাবার নির্দেশনা মেনে চলে ছেলে। কিন্তু নেশাগ্রস্ত ছেলের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে বাবা নিজেই ছেলেকে উপজেলা প্রশাসনের কাছে তুলে দিলেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী মেজিস্ট্রেট অরূপ রতন সিংহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এবং পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মামুন অর রশিদ। তিনি দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ও আকিলপুর গ্রামের বাসিন্দা আবুল হোসেনের ছেলে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে তাকে এই দণ্ড দেওয়া হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, দণ্ডপ্রাপ্ত মামুন অর রশিদ ইয়াবা সেবন করে মাঝেমধ্যে তার মা-বাবার সঙ্গে খারাপ আচরণ করতেন। সম্প্রতি নেশাগ্রস্ত হয়ে তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদে ভাঙচুর করেন। তার এসব কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে আজ দুপুরে তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তুলে দেন তার বাবা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড দেন।  

মামুনের বাবা আবুল হোসেন বলেন, ছেলের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে আমরা নিজেরাই তার সংশোধনের জন্য আজ প্রশাসনের কাছে দিয়েছি। প্রশাসন তাকে শাস্তি দিয়েছে।

কারাদণ্ড দেওয়ার পর মামুনকে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম তালুকদার।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক অরূপ রতন সিংহ বলেন, ওই যুবক ইয়াবা সেবন করে তার মা-বাবার সঙ্গেও খারাপ আচরণ করে বলে অভিযোগ রয়েছে। কয়েক দিন আগে স্থানীয় ইউনিয়ন পরিষদে ভাঙচুর করেছেন। তাকে আটক করে নিয়ে আসলে তার বাবার উপস্থিতিতেই কারাদণ্ড দেওয়া হয়েছে।