পতেঙ্গা থেকে ৬ টন ডিজেল জব্দ

চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ছয় টন ডিজেল জব্দ করেছে পুলিশ। শুক্রবার (২৭ মার্চ) বেলা ১১টার দিকে অভিযান চালিয়ে এসব তেল জব্দ করা হয়। এ সময় লোডিং-আনলোডিং পাম্পও জব্দ করা হয়েছে।
একাধিক গোয়েন্দা সংস্থা ও পতেঙ্গা থানা পুলিশের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়েছে বলে জানা গেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীনে তিনটি প্রধান রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল বিপণন কোম্পানি পদ্মা, মেঘনা ও যমুনা থেকে এসব তেল মজুত করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ ও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অতিরিক্ত মুনাফার জন্য ওই ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ডিজেল মজুত করে আসছিলেন। গোপনে সংগ্রহ করা এসব জ্বালানি মজুত করেছিলেন পানির দুটি ট্যাংকে। পরে খোলাবাজারে বেশি দামে বিক্রির পরিকল্পনা ছিল। তবে ওই ব্যবসায়ীর নাম জানা যায়নি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত হালদার বলেন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ডিজেলের পাশাপাশি তেল স্থানান্তরের জন্য ব্যবহৃত সরঞ্জামাদিও জব্দ করা হয়েছে। এ বিষয়ে মামলার জন্য থানায় বলা হয়েছে।