চট্টগ্রামে ফোন নিয়ে বিরোধ, তরুণকে ছুরিকাঘাতে খুন

চট্টগ্রাম নগরীতে ফোন নিয়ে বিরোধের জেরে মোহাম্মদ সাকিব নামে এক তরুণকে ছুরিকাঘাতে খুনের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে নগরীর চান্দগাঁও থানাধীন লায়লা টাওয়ারের সামনে এই ঘটনা ঘটে।
নিহত সাকিব চান্দগাঁওয়ের চররাঙ্গামাটিয়া এলাকার মৌলানা ছৈয়দুল হক বাড়ির (অন্য সূত্রমতে সালেহ আহমদ চৌধুরীর বাড়ি) মো. নজুম উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফোন সংক্রান্ত একটি বিষয় নিয়ে পূর্বপরিচিত একটি পক্ষের সঙ্গে সাকিবের দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় লায়লা টাওয়ারের সামনে প্রতিপক্ষের সঙ্গে সাকিবের কথা কাটাকাটি হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে প্রতিপক্ষ সাকিবের শরীরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা সাকিবকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক নুরুল আলম আশেক জানান, গুরুতর আহত অবস্থায় সাকিব নামে এক তরুণকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ বর্তমানে চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিন জানান, ফোন সংক্রান্ত পূর্ব বিরোধ থেকে এ হত্যাকাণ্ড ঘটেছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।



