মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গড়তে কোরআনের শাসন প্রয়োজন: আতাউর রহমান

মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, সমৃদ্ধ ও নিরাপদ জনপদ গড়তে কোরআনের শাসনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরীর প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড জামায়াতের উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে পবিত্র কোরআনের ৩০ জন হাফেজ ও তাদের বাবাদের সংবর্ধনা দেওয়া হয়।
আতাউর রহমান সরকার বলেন, কোরআনের হাফেজরা সমাজের শ্রেষ্ঠ সন্তান। তাদের দেশ গড়ার কাজে লাগাতে হবে। জামায়াতের হাতে দায়িত্ব এলে এসব শ্রেষ্ঠ সন্তানের নেতৃত্বে ইসলামী কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। সাম্প্রতিক সময়ে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার এর বড় প্রমাণ। এ ষড়যন্ত্রের সঙ্গে ক্ষমতাসীন সরকারের কিছু কর্মকর্তা জড়িত বলে অভিযোগ করেন তিনি। মসজিদ, মাদ্রাসা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধের আহ্বান জানান আতাউর রহমান সরকার।
ময়দাগঞ্জ বাজার জামে মসজিদের খতিব মাওলানা জয়নাল আবেদিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা ইমরান হোসাইন। প্রধান বক্তা ছিলেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী কাজী ইয়াকুব আলী।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশিষ্ট আলেম মাওলানা মাহবুব হাদী, মূলগ্রাম ইউনিয়ন জামায়াতের সভাপতি আবু হানিফ, কসবা উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আমীর হোসাইন, মূলগ্রাম ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ডা. আব্দুল মোমেন, ১ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী জালাল উদ্দীন, বিল্লাল হোসেন, রমজান মাস্টার, সংবর্ধিত হাফেজ এরশাদুল ইসলাম ও ডা. আব্দুল হান্নানসহ অন্যরা।
