logo

বগুড়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষকের

বগুড়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষকের
নিহত আশরাফুল ইসলাম প্রামাণিক। ছবি: এশিয়া পোস্ট

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক প্রধান শিক্ষক নিহত হয়েছেন। তার নাম মো. আশরাফুল ইসলাম প্রামাণিক (৫৮)। শনিবার (৩০ মে) রাত সাড়ে আটটার দিকে শিবগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের লালদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফুল ইসলাম প্রামাণিক উপজেলার আটমূল ইউনিয়নের কুড়াহার গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আজিজার রহমান। সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের চকহবিবরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে আশরাফুল ইসলাম মোটরসাইকেলে করে নাগর বন্দর এলাকা থেকে নিজ বাড়ির দিকে ফিরছিলেন। পথে লালদহ এলাকায় পৌঁছালে একটি আলুবোঝাই ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যান।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনায় জড়িত আলুবোঝাই ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।