জুয়ায় দেনার দায়ে যুবকের ‘আত্মহত্যা’, দাবি স্বজনদের

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় অনলাইন জুয়ায় আসক্ত হয়ে দেনার দায়ে বিপুল চন্দ্র রায় (৩৩) নামে এক যুবক আত্মহত্যা করেছেন দাবি করেছেন তার স্বজনেরা।
সোমবার (১৩ জুলাই) দেবীগঞ্জ পৌরসভার সবুজপাড়া এলাকায় নিজ বাড়িতে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় বিপুলকে দেখে তার পরিবার। পরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
বিপুল জগেশ চন্দ্র রায়ের ছেলে। তিনি দেবীগঞ্জ বাজারে মোবাইল অ্যাক্সেসরিজ ও মোবাইল ব্যাংকিংয়ের ব্যবসা করতেন।
পুলিশ ও পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পরিবারের সদস্যরা দীর্ঘ সময় ডাকাডাকির পরেও ঘর থেকে বের হননি বিপুল। কোনো সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকেন পরিবারের সদস্যরা। দরজা খুলে তারা দেখেন ঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়েছেন বিপুল। পরে দড়ি কেটে তাকে দ্রুত দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের সদস্যরা জানান, বিপুলের সঙ্গে কারও কোনো বিরোধ বা পারিবারিক কলহ ছিল না। তবে কয়েকদিন ধরে তিনি হঠাৎ করেই অনেক শান্ত হয়ে গিয়েছিলেন। দোকানে গেলেও তাকে সবসময় চিন্তিত মনে হতো। রাতে ঠিকমতো ঘুমাতেও পারতেন না বলে জানান বিপুলের স্ত্রী। দুই দিন আগেও ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইলেও বিপুল যাননি।
প্রতিবেশী ও বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, বিপুলের ব্যবসা ভালোই চলছিল। সেই আয়েই স্ত্রী-সন্তান ও বাবা-মায়ের সংসার চালাতেন তিনি। কিন্তু সম্প্রতি তিনি অনলাইন জুয়ার সঙ্গে জড়িয়ে পড়েন। এরপর থেকে ব্যবসায় লোকসান বাড়তে থাকে, পাশাপাশি ধার-দেনাও বাড়ে।
স্থানীয়দের দাবি, অনলাইন জুয়ার টাকার যোগান দিতে গিয়ে তার প্রায় ১৮ লাখ টাকার দেনা হয়। নিজের ব্যবসার ক্ষতি, ধারদেনা এবং ছোট ভাইকে বিদেশ পাঠানোর জন্য রাখা টাকাও হারিয়ে তিনি দিশেহারা হয়ে পড়েছিলেন। এসব কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং আত্মহত্যার পথ বেছে নেন বলে দাবি করেন স্বজন ও স্থানীয়রা।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মূসা এশিয়া পোস্টকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।





