নরসিংদীতে খালে গোসলে নেমে তিন শিশুর মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ, নরসিংদী
নরসিংদীতে খালে গোসলে নেমে তিন শিশুর মৃত্যু
তিন শিশুর মৃত্যুর ঘটনায় হাসপাতালে স্বজনদের আহাজারী। ছবি: এশিয়া পোস্ট

নরসিংদীর রায়পুরায় খালে গোসলে নেমে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আরও তিন শিশু অসুস্থ হয়ে পড়েছে বলে জানা গেছে। উপজেলার বরকান্দা এলাকায় বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আশরাফ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, বড়কান্দা গ্রামের শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), রুবেল মিয়ার মেয়ে আয়েশা (৯) ও জান্নাত (৮)। নিহতরা সবাই বড়কান্দা এলাকার গাউসিয়া নূরে মদিনা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ দুপুর ১২টার দিকে বড়কান্দা গ্রামে বাড়ির পাশে খালের পানিতে ছয় শিশু একসঙ্গে গোসল করতে নামে। একপর্যায়ে পানির তীব্র স্রোতে তারা তলিয়ে যেতে থাকে। শিশুদের চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে নদী ও খাল থেকে তাদের উদ্ধার করেন।

এ সময় শিশুদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাবিয়া, আমেনা ও জান্নাতকে মৃত ঘোষণা করেন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান বলেন, এ বিষয় কাজ চলছে, ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

বিষয় :নরসিংদী