logo
Advertisement

সৌদিতে সড়ক দুর্ঘটনা: নিহত ৪ বাংলাদেশির ৩ জন সিলেটের, একজন কুমিল্লার

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,সিলেট
সৌদিতে সড়ক দুর্ঘটনা: নিহত ৪ বাংলাদেশির ৩ জন সিলেটের, একজন কুমিল্লার
করিম উদ্দিন ও খালিদ মিয়া। ছবি : এশিয়া পোস্ট

সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত চার বাংলাদেশি প্রবাসীর পরিচয় পাওয়া গেছে। নিহতদের মধ্যে দুজন সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা, একজন সুনামগঞ্জ সদর উপজেলার এবং একজন কুমিল্লার বড়ুরা উপজেলার বাসিন্দা।

এদিকে, দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রতিমন্ত্রী মো. নুরুল হক।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে রিয়াদ-তায়েফ সড়কের রিদওয়ান ব্রিজ থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে আল-হাওয়িয়াহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়লে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন—সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি এলাকার লামারতালুক গ্রামের করিম উদ্দিন ও খালিদ মিয়া, সুনামগঞ্জ সদর উপজেলার আমিন মিয়া এবং কুমিল্লার বড়ুরা উপজেলার শাহ আলম।

বাংলাদেশ কনস্যুলেট সূত্রে জানা গেছে, নিহতদের মরদেহ বর্তমানে আল-মুইয়্যাহ হাসপাতালে রাখা হয়েছে।

দুর্ঘটনায় নিহত করিম উদ্দিনের ভাতিজা বোরহান উদ্দিন জানান, করিম উদ্দিনের বয়স আনুমানিক ৬০ বছর। তিনি তার ছেলে মোহাম্মদকে (৩০) সঙ্গে নিয়ে দেশে ফিরছিলেন। তায়েফ শহর থেকে তাঁদের জেদ্দা বিমানবন্দরে পৌঁছে দিতে গ্রামের প্রতিবেশী খালিদ মিয়া নিজের গাড়ি নিয়ে রওনা হন। পথে সড়ক দুর্ঘটনায় চালক খালিদ মিয়াসহ চারজনের মৃত্যু হয়। করিম উদ্দিনের ছেলে মোহাম্মদ আহত হলেও তিনি বেঁচে আছেন।

এদিকে, দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রতিমন্ত্রী মো. নুরুল হক।

এক শোকবার্তায় তারা জানান, সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে নিহতদের বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। নিহত প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সব ধরনের সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করা হবে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ও প্রতিমন্ত্রী মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এ অসীম কষ্ট সহ্য করার শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।