ট্রলারডুবির চার দিন পর মিলল জেলের লাশ

এশিয়া পোস্ট নিউজ, বরগুনা
ট্রলারডুবির চার দিন পর মিলল জেলের লাশ
ছবি : সংগৃহীত

নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনার চার দিন পর কালাম পাইকার নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। মো. শহীদ নামে অপর এক জেলে এখনও নিখোঁজ রয়েছেন।

শনিবার (১১ জুলাই) উপকূল থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণে ডুবে যাওয়া ট্রলারের কেবিন থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয় জেলেরা। সন্ধ্যায় মরদেহটি তালতলীর ফকিরহাট মৎস্য অবতরণকেন্দ্রে নিয়ে আসা হয়।

ফকিরহাট ট্রলার মালিক সমিতি সূত্রে জানা যায়, শনিবার সকালে সাগরে মাছ শিকার করতে গিয়ে অন্য জেলেরা একটি ডুবে যাওয়া ট্রলার ভাসতে দেখেন। পরে তারা ট্রলারটিতে তল্লাশি চালিয়ে কেবিনের ভেতরে একটি মরদেহ দেখতে পেয়ে অবতরণকেন্দ্রের ট্রলার মালিক সমিতিকে জানান। খবর পেয়ে ফকিরহাট থেকে একটি ট্রলার ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে উপকূলে নিয়ে আসে। পরে নিহতের স্বজনরা মরদেহটি কালাম পাইকারের বলে শনাক্ত করেন।

এর আগে গত ৭ জুলাই বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ১৮ জন জেলেসহ দুটি ট্রলার ডুবে যায়। সে সময় কাছাকাছি থাকা অপর একটি ট্রলার ১৬ জন জেলেকে জীবিত উদ্ধার করতে পারলেও কালাম পাইকার ও মো. শহীদ নিখোঁজ ছিলেন।

ফকিরহাট ট্রলার মালিক সমিতির সভাপতি মজিবুর রহমান ফরাজী বলেন, নিখোঁজ দুই জেলের মধ্যে কালাম পাইকারের মরদেহ উদ্ধার করা হলেও মো. শহীদ এখনও নিখোঁজ রয়েছেন। সাগরে ট্রলারডুবির ঘটনায় জেলেরা নিখোঁজ হলে তাদের উদ্ধারে প্রশাসনের আরও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে দুটি ট্রলার ডুবে যাওয়ার পর দুই জেলে নিখোঁজ হন। তাদের মধ্যে কালাম পাইকারের মরদেহ ডুবে যাওয়া ট্রলারের কেবিন থেকে উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয় :বরগুনা