কোমরে ৫ ইট ঝুলিয়ে যুবককে ক্যানেলে ফেল দিল দুর্বৃত্তরা

নওগাঁর বদলগাছীতে মর্তুজা (৪৫) নামের এক ব্যক্তিকে হাত-পা ও মুখ বেঁধে এবং কোমরে পাঁচটি ইট ঝুলিয়ে ক্যানেলের পানিতে ফেলে হত্যাচেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। স্থানীয়দের তাৎক্ষণিক তৎপরতায় প্রাণ বেঁচে গেছে তার। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ৯টার পর বদলগাছী সদর ইউনিয়নের মাতাজি রোড সংলগ্ন একটি কওমি মাদ্রাসার পাশে এই ঘটনা ঘটে।
আহত মর্তুজা বদলগাছী সদর ইউনিয়নের হাড়িপাড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুষ্কৃতকারীরা মর্তুজার হাত, পা ও মুখ বেঁধে এবং কোমরে পাঁচটি ইট পেঁচিয়ে ক্যানেলের পানিতে ফেলে দিয়ে পালিয়ে যায়। ক্যানেলের পাশের একটি ওয়ার্কশপের মালিক শব্দ শুনে টর্চলাইটের আলো ফেললে এক ব্যক্তিকে হাবুডুবু খেতে দেখেন। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে মর্তুজাকে উদ্ধার করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে আশঙ্কাজনক অবস্থায় বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান।
ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক আলামত সংগ্রহ করেছে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, খবর পাওয়ার পরই পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
.png)






