logo

পদ্মায় গরুবাহী ট্রলারডুবি

পদ্মায় গরুবাহী ট্রলারডুবি
ছবি: এশিয়া পোস্ট

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের চর শালেপুর এলাকা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া গরুবাহী একটি ট্রলার পদ্মা সেতুর কাছে ডুবে গেছে। এ ঘটনায় আইয়ুব শেখ নামে এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। এ ছাড়া ট্রলারে থাকা অধিকাংশ গরুও নদীতে তলিয়ে গেছে বলে জানা গেছে।

সোমবার (২৫ মে) বেলা ১১টার দিকে ট্রলারটি চর শালেপুর এলাকা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পরে দুপুর ১টা ২০ মিনিটের দিকে পদ্মা সেতুর ১৫ নম্বর পিলারের প্রায় দুই কিলোমিটার আগে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি নদীতে ডুবে যায়।

স্বজন ও স্থানীয় সূত্র জানায়, ঈদ উপলক্ষে বিক্রির জন্য ট্রলারটিতে ৩১টি গরু নিয়ে মোট ২৪ জন ব্যবসায়ী ও শ্রমিক ঢাকায় যাচ্ছিলেন। দুর্ঘটনার পর এখন পর্যন্ত পাঁচটি গরু উদ্ধার করা হয়েছে। বাকি ২৬টি গরু নদীতে তলিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

ট্রলারের মাঝি ছিলেন ওকেল দেওয়ান। তিনি আব্দুল মালেক দেওয়ানের ছেলে। গরু ব্যবসায়ীদের মধ্যে শেখ আবুল ১০টি গরু নিয়ে যাচ্ছিলেন। তার গরুগুলোর আনুমানিক মূল্য ছিল প্রায় ১৮ লাখ টাকা। এ ছাড়া শেখ আযম, লোকমান খান ও লাবলু খানও গরু নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। সব মিলিয়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত স্বজন শামীম রেজার।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও সংশ্লিষ্টরা উদ্ধার অভিযান শুরু করেন। তবে এখনও নিখোঁজ রয়েছেন আইয়ুব শেখ। তিনি আব্দুল হকের ছেলে বলে জানা গেছে। তার সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির বলেন, গরু বিক্রির উদ্দেশ্যে তারা ঢাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে পদ্মা সেতুর পিলারের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটেছে বলে শুনেছি। ঘটনাটি খুবই দুঃখজনক। এখনও একজন নিখোঁজ রয়েছেন। উদ্ধার কাজ চলছে।

ঘটনার পর এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে বলে জানা গেছে। তবে উদ্ধারকারী দলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের মুঠোফোনে পাওয়া যায়নি।