logo

দেশ অস্থিতিশীল করতে লাশ চায় শেখ হাসিনা: রিজভী

দেশ অস্থিতিশীল করতে লাশ চায় শেখ হাসিনা: রিজভী
যশোরে বিনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় বক্তব্য দেন ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : এশিয়া পোস্ট

দেশকে অস্থিতিশীল করতে শেখ হাসিনার ‘কিছু লাশের দরকার’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, আন্দোলনকে বেগবান করার নামে সহিংসতা ও প্রাণহানির পথ বেছে নিয়েছে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে যশোর জেলা পরিষদ মিলনায়তনে (বিডি হল) সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Advertisement

রুহুল কবির রিজভী অভিযোগ করেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে পালিয়ে যাওয়া শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে মদদ নিয়ে দেশের ভেতরে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা করছে। পাচার করা অর্থ ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে। বিএনপি ও গণতান্ত্রিক আন্দোলনে যুক্ত নেতাকর্মীদের বাড়িঘরে পেট্রল ঢেলে আগুন দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।

রিজভী বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য উদ্ধৃত হয়েছে। গ্রেপ্তার হওয়া ঢাকা ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোবাইল ফোনেও এ-সংক্রান্ত বার্তা পাওয়া গেছে বলে দাবি করেন তিনি। প্রশাসন ও পুলিশ বিভাগের ভেতরে এখনও শেখ হাসিনার অনুসারীরা সক্রিয় রয়েছেন বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা।

তিনি বলেন, তারেক রহমানের সরকার গুম, খুন কিংবা ক্রসফায়ারের পথে হাঁটছে না। বরং স্থিতিশীলতা, আইনের শাসন ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে।

স্মরণসভায় তরিকুল ইসলামের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও সংগ্রামের স্মৃতিচারণা করে রিজভী বলেন, তরিকুল ইসলাম ছিলেন একজন ‘পূর্ণাঙ্গ ও ধ্রুপদি রাজনীতিবিদ’। জীবনের শুরু থেকে ধাপে ধাপে তিনি জাতীয় পর্যায়ের রাজনীতিতে উঠে এসেছেন। রাজনীতির বাইরে অন্য কোনো পেশা কিংবা পটভূমি নিয়ে তিনি ভাবেননি। আন্দোলন-সংগ্রাম ও অভিজ্ঞতার মধ্য দিয়ে তিনি সরকারের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে রাজনৈতিক নেতা হিসেবে নানা কর্মসূচি বাস্তবায়ন করেছেন।

জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিএনপির খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনা, জেলা জামায়াতের আমির গোলাম রছুল এমপি, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নুরুজ্জামান, যুবদলের সদস্যসচিব আনছারুল হক রানা, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাজিদুর রহমান সাগর এবং ছাত্রদলের সভাপতি কামরুজ্জামান বাপ্পি প্রমুখ।