আগস্ট থেকে শুরু হচ্ছে পাবনা-ঢাকা ট্রেন চলাচল: রেলমন্ত্রী

চলতি বছরের আগস্টে পাবনা থেকে সরাসরি ঢাকাগামী ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।
শনিবার (২০ জুন) দুপুরে পাবনা সার্কিট হাউজ মিলনায়তনে সরকারি কর্মকর্তা ও সুধী সমাজের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
শৃঙ্খলা ছাড়া কোনো গতি নেই জানিয়ে শেখ রবিউল আলম বলেন, ‘একে অপরের প্রতিপক্ষ হয়ে নয়, বরং মালিক-শ্রমিকদের সঙ্গে নিয়ে সমন্বিত উদ্যোগে পরিবহন সেক্টরে শৃঙ্খলা আনা হবে। এখানে বিশেষ শ্রেণিকে লালন করা হবে না, প্রাধান্য পাবে শুধুই জনস্বার্থ ও জনআকাঙ্ক্ষা।
খুব দ্রুতই দেশে আন্তর্জাতিক মানের মাল্টি-মোডাল যোগাযোগব্যবস্থা দৃশ্যমান হবে বলে জানান রেলমন্ত্রী।
ঢাকা-পাবনা রুটের লোকোমোটিভ ট্রেন কারখানায় প্রস্তুত রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, আগামী মাসে কোচ এলেই আগস্ট মাসেই অগ্রাধিকার ভিত্তিতে পাবনা থেকে ঢাকায় সরাসরি ট্রেন যোগাযোগ চালু করা হবে। ঢাকার সঙ্গে সহজ যোগাযোগে আরিচা-খাসচর সড়ক প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি ও ডিপিপি প্রণয়নের কাজও এর মধ্যে চালু হয়েছে বলে যোগ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন পাবনা সদর আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মন্ডল, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সুফী উল্লাহ প্রমুখ।
