দুই দিন ধরে নিখোঁজ তাঁতী দল নেতা, মোবাইলও বন্ধ

ফেনীর সোনাগাজীতে গত দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন উপজেলা জাতীয়তাবাদী তাঁতী দলের সদস্যসচিব মো. আবদুল্লা আল আমীন (৩০)। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে সোনাগাজী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিখোঁজ আবদুল্লা আল আমীন উত্তর মঙ্গলকান্দি এলাকার লোকুর দোকান এলাকার আলী আজ্জম মৃদ্ধা বাড়ির মৃত আবদুর রশিদের ছেলে। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার ছোট।
এ বিষয়ে নিখোঁজের চাচি কামরুন নাহার এশিয়া পোস্টকে জানান, গত ২১ অক্টোবর বিকেলে সিএনজিচালিত অটোরিকশায় সোনাগাজীর উদ্দেশে রওনা হওয়ার পর আর বাড়ি ফিরে আসেননি আবদুল্লা আল আমীন। ওই দিন রাত ১০টার দিকে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে ব্যবহৃত দুটি মোবাইল নম্বরই বন্ধ পাওয়া যায়। তার ফোন কখনও বন্ধ থাকে না এবং কারও সঙ্গে তার ব্যক্তিগত শত্রুতা ছিল না।
আবদুল্লা আল আমীনের বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২১টি মামলা দেওয়া হয়েছিল। একটি মামলায় আট বছরের সাজা হলে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যান।
উপজেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হক নোমান এশিয়া পোস্টকে জানান, আল আমীন দলের প্রতি অত্যন্ত নিবেদিতপ্রাণ ছিলেন। তাকে দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য ফেনী জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানাচ্ছি।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) সৈয়ম মুমিদ রায়হান এশিয়া পোস্টকে জানান, জিডি পেয়েছি। জিডির সূত্র ধরে তদন্ত চলছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে।