logo

যুবদল কর্মীর ঘুষিতে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

যুবদল কর্মীর ঘুষিতে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় বাগবিতণ্ডার জেরে যুবদল কর্মীর ঘুষিতে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হয়েছেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার ত্রিশকাহনীয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আজাহার পৌরসভার নরাবো এলাকার আব্দুল খালেকের ছেলে। তিনি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ সহসভাপতি ছিলেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, দলীয় কর্মসূচিকে ঘিরে শুক্রবার সন্ধ্যায় ৯ নম্বর ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভায় বসেন ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তালিকায় নাম আগে-পরে দেওয়া নিয়ে ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি সবুজের সঙ্গে যুবদল কর্মী রাজিবের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাজিব ও তার সহযোগী হাসানসহ কয়েকজন উত্তেজিত হয়ে সবুজ, আজাহার, যুবদলের সভাপতি রিপন ও এমরাতকে মারধর করেন। এ সময় ঘুষি ও মারধরে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন আজাহার। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।