logo

নিখোঁজের পরদিন নদীতে ভেসে উঠল শিশুর মরদেহ

নিখোঁজের পরদিন নদীতে ভেসে উঠল শিশুর মরদেহ
মুন্সীগঞ্জের গজারিয়ায় ফুলদী নদী থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার করা হচ্ছে। ছবি: এশিয়া পোস্ট

মুন্সীগঞ্জের গজারিয়ায় ফুলদী নদীতে পাঁচ বন্ধুর সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার এক দিন পর মো. আবু বক্কর সিদ্দিকী রাফি (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) সকালে উপজেলার মধ্য ভাটের চর এলাকায় ফুলদী নদীতে শিশুটির মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয় লোকজন মরদেহটি উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেন। নিহত রাফি ভাটেরচর এলাকার খায়রুল ইসলামের ছেলে।

এর আগে শনিবার দুপুরে পাঁচ বন্ধুর সঙ্গে ফুলদী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় রাফি। এ সময় তার চার বন্ধু সাঁতরে নদী থেকে উঠে আসতে পারলেও রাফি নিখোঁজ হয়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, শিশুটি নিখোঁজ হওয়ার খবর পেয়ে শনিবার দুপুরে গজারিয়া ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের একটি ডুবুরি দলও অভিযানে যোগ দেয়।

তিনি আরও জানান, রোববার সকালে ডুবুরি দলের উদ্ধার অভিযান শুরুর প্রস্তুতিকালে নদীতে শিশুটির মরদেহ ভেসে ওঠার খবর পাওয়া যায়। পরে স্থানীয় লোকজন মরদেহটি উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেন।