আটক জেলা জামায়াত আমিরের কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে আটক হওয়া ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানের কাছে মোট ৭৪ লাখ টাকা পাওয়া গেছে বলে জানিয়েছে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করীম।
বুধবার (১১ ফেব্রুয়ারি) এশিয়া পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন তিনি।
এ বিষয়ে নীলফামারী পুলিশ সুপার এস কে জাহিদুল ইসলাম তার কার্যালয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবেন বলে জানা গেছে।
এর আগে দুপুর ১২টার দিকে বিপুল পরিমাণ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমিরকে আটক করে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ। তার আটকের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। কৌতূহল দেখা দেয় টাকার পরিমাণ নিয়ে। টাকার পরিমাণ নিয়ে একেক রকম তথ্য ছড়িয়ে পড়ে অনলাইন গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগমাধ্যমে।
এদিকে আজ বুধবার দুপুরে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ভোটের সময় টাকা বহনের নির্দিষ্ট কোনো সীমা নেই। টাকার উৎস এবং ব্যবহারের বৈধ খাত দেখাতে পারলে ৫০ লাখ নয়, প্রয়োজনে ৫ কোটি টাকা বহনেও সমস্যা নেই।
ভোটের সময় ব্যক্তিগত কাজে একজন নাগরিক যত খুশি টাকা বহন করতে পারবে জানিয়ে ইসি সচিব বলেন, টাকা যদি বৈধ হয় এবং এর সোর্স যদি বৈধ হয়, তাহলে কোনো সমস্যা নেই।
তিনি বলেন, ভোটে প্রভাবিত করার জন্য যদি টাকা ব্যবহার করা হয়, তবে সেটি ‘নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি’ দেখবে। অবৈধ উপায়ে অর্থ উপার্জিত হলে বা কালো টাকা হলে প্রচলিত আইনে ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।