পণ্য পাচারের সময় বেনাপোলে কাস্টমস কর্মকর্তাসহ আটক ৩

এশিয়া পোস্ট নিউজ, বেনাপোল
পণ্য পাচারের সময় বেনাপোলে কাস্টমস কর্মকর্তাসহ আটক ৩
বেনাপোল কাস্টমস হাউসের ফটক। ছবি: সংগৃহীত

যশোরের বেনাপোলে কাস্টমস হাউসের নিলামের গুদাম থেকে পণ্য পাচারের চেষ্টার অভিযোগে এক কাস্টমস কর্মকর্তাসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

Advertisement

মঙ্গলবার (২৩ জুন) বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার মুক্তা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, সোমবার রাতে বেনাপোল বাজারের বাহাদুরপুর সড়ক এলাকায় একটি কাভার্ডভ্যান তল্লাশি করে কাস্টমস হাউসের পণ্য পাওয়া যায়।

আটকরা হলেন কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা ইন্দ্রজিৎ মুখার্জী, ট্রাকচালক মহসিন আলী ও তার সহকারী জাহিদ হাসান।

বিজিবি জানায়, তল্লাশিতে গাড়ি থেকে বিপুল পরিমাণ শাড়ি, থ্রিপিস, চাদর, কম্বল, ওড়না ও কসমেটিকস উদ্ধার করা হয়। এসব পণ্যের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি সংশ্লিষ্টরা।

সরকারি ত্রাণ সহায়তার আড়ালে পণ্যগুলো পাচারের চেষ্টা করা হচ্ছিল। এ ঘটনায় জব্দকৃত মালামালের তালিকা প্রস্তুত ও যাচাই-বাছাই করা হচ্ছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নিতে তদন্ত অব্যাহত রয়েছে।

বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার মুক্তা চৌধুরী জানান, তাৎক্ষণিক দুই রাজস্ব কর্মকর্তা ও তিন সিপাহিকে বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় :যশোর