logo

পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ
অভিযুক্তের বাড়িতে আগুন লাগিয়ে দেয় বিক্ষুব্ধ এলাকাবাসী। ছবি: এশিয়া পোস্ট

মাদারীপুরের কালকিনিতে পাঁচ বছর বয়সি এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগকে কেন্দ্র করে অভিযুক্ত ব্যক্তির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান।

সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের মধ্যেরচর সাহেবরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা, ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২ অক্টোবর) ওই গ্রামের পাঁচ বছর বয়সি শিশুকে বাড়িতে একা পেয়ে একই গ্রামের হাবুল শিকদার (৫৭) ধর্ষণের চেষ্টা করেছেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি, ঘটনার পর হাবুল শিকদার আত্মগোপনে চলে যান।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, বিষয়টি আপস-মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি করে থানায় মামলা না করার জন্য বিভিন্ন ব্যক্তির মাধ্যমে তাদের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছিল। এতে ক্ষুব্ধ হয়ে সোমবার সন্ধ্যায় স্থানীয় প্রায় পাঁচ শতাধিক মানুষ ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে অভিযুক্তের বিচারের দাবিতে ঝাড়ু মিছিল বের করেন।

মিছিল শেষে একপর্যায়ে উত্তেজিত জনতা হাবুল শিকদারের বসতবাড়িতে ভাঙচুর চালায়। পরে বাড়িটিতে অগ্নিসংযোগ করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে কালকিনি উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান।

ভুক্তভোগী শিশুটির বাবা বলেন, হাবুল শিকদার আমার শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টা করেছেন। আমি বিচার চেয়েও বিচার পাইনি। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী তার বাড়িতে অগ্নিসংযোগ করেছে। আমি থানায় অভিযোগ করেছি।

অভিযোগের বিষয়ে হাবুল শিকদার ও তার পরিবারের সদস্যদের বক্তব্য জানতে তাদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।