ভোটকেন্দ্রে জন্ম নেওয়া শিশুর নাম ‘খালেদা জিয়া’, ফুল নিয়ে হাজির ডিসি

সিরাজগঞ্জের রায়গঞ্জে ভোটের দিনে ব্যতিক্রমী ঘটনার জন্ম দিয়েছেন আম্বিয়া খাতুন নামের এক গৃহবধূ। ভোটকেন্দ্রে উপস্থিত হওয়ার পর তার হঠাৎ প্রসবব্যথা শুরু হয়। পরে আম্বিয়া খাতুন একটি কন্যাসন্তানের জন্ম দেন। মেয়েটি নাম রাখা হয়েছে খালেদা জিয়া।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম নবজাতককে শুভেচ্ছা জানাতে গৃহবধূর বাড়িতে উপস্থিত হন। এ সময় নবজাতক ও তার মায়ের খোঁজখবর নেন এবং ফুলের তোড়া উপহার দিয়েছেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রায়গঞ্জের পাঙ্গাসী ইউনিয়নের বেংনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরিফুল ইসলাম আকন্দের স্ত্রী আম্বিয়া খাতুন ভোট দিতে যায়। লাইনে দাঁড়িয়ে থাকার পরে প্রসবব্যথা ওঠে। পাশের বাড়িতে নেওয়ার পর এক কন্যাসন্তানের জন্ম দেন আম্বিয়া। পরিবার নবজাতকের নাম রেখেছেন খালেদা জিয়া। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে অনেকেই নবজাতক ও তার পরিবারের জন্য শুভকামনা জানায়। ভোটের দিনে এমন ব্যতিক্রমী ঘটনার খবর সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার জন্ম দেয়।
নবজাতক শিশুর বাবা শরিফুল ইসলাম বলেন, ভোটের মতো গুরুত্বপূর্ণ দিনে সন্তানের জন্ম হওয়ায় স্মরণীয় করে রাখতে আমার মেয়ের নাম রেখেছি বেগম খালেদা জিয়া। আজকে জেলা প্রশাসক মেয়েকে দেখতে এসে তিনি নাম রাখেন ত্রয়ো। অনেকেই সন্তানকে দোয়া ও শুভকামনা জানিয়েছেন। মা ও শিশুর সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করছি।
নবজাতককে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, একটি নতুন প্রাণের আগমন সবসময়ই আনন্দের। এই শিশুই আগামীর স্বপ্ন। আমরা তার সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ কামনা করি। মা ও শিশুর প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনে নবজাতকের জন্ম হয়েছে। সেই জন্য পরিবারের নামের সঙ্গে আমিও ত্রয়ো নাম রাখলাম। একই সঙ্গে নবজাতকের জন্য শুভকামনাও রইল।