Advertisement

কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি

এশিয়া পোস্ট নিউজ, কুমিল্লা
কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি
কুমিল্লা জিলা স্কুলের শিক্ষাবৃত্তিপ্রাপ্ত ৩২ শিক্ষার্থী। ছবি : এশিয়া পোস্ট

কুমিল্লা জিলা স্কুলের আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী ৩২ শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তির অর্থ তুলে দিয়েছে কুমিল্লা জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন স্কলারশিপ ট্রাস্ট ফান্ড। ট্রাস্ট ফান্ডের এই নতুন উদ্যোগের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা পুরো এক বছর মাসিক ভিত্তিতে বৃত্তির অর্থ পাবেন।

রোববার (১৯ জুলাই) সকালে কুমিল্লা জিলা স্কুল মিলনায়তনে (অডিটোরিয়াম) আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তির প্রথম কিস্তির অর্থ তুলে দেওয়া হয়। প্রথমবারের মতো এই শিক্ষাবৃত্তি কার্যক্রম চালু করেছে সংগঠনটি।

কুমিল্লা জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন স্কলারশিপ ট্রাস্ট ফান্ডের চেয়ারম্যান এ কে এম কামরুল ইসলাম এফসিএ বলেন, আর্থিকভাবে অসচ্ছল অথচ মেধাবী শিক্ষার্থীদের বাছাই করে মাসিক ভিত্তিতে এক বছর ধরে এ বৃত্তি প্রদান করা হবে। প্রাথমিকভাবে তিনটি ক্যাটাগরিতে এটি চালু করা হয়েছে। ভবিষ্যতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ও বৃত্তির পরিধি আরও বাড়ানো হবে।

তিনি আরও জানান, নিয়মিত তাদের শিক্ষাগত অগ্রগতিও মূল্যায়ন করা হবে, যাতে তারা পড়াশোনায় আরও উৎসাহিত হয়। স্কুলের মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তাদের উচ্চশিক্ষার পথ সুগম করাই এই অ্যাসোসিয়েশনের মূল লক্ষ্য।

বৃত্তি পেয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে জিলা স্কুলের শিক্ষার্থী রাজ কর্মকার বলে, অনেক মেধাবী শিক্ষার্থী আর্থিক সংকটের কারণে পিছিয়ে পড়ে। এই শিক্ষাবৃত্তি আমাদের জন্য শুধু একটি আর্থিক সহায়তাই নয়, বরং নতুন করে স্বপ্ন দেখার অনুপ্রেরণা। অ্যালামনাইদের এই অভিভাবকত্ব আমাদের আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহ দেবে।

নবম শ্রেণির এক শিক্ষার্থীর অভিভাবক মো. আবু সাইদ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই বৃত্তি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও ভবিষ্যতের পথচলার বড় ভরসা হয়ে দাঁড়াবে।

কুমিল্লা জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহসভাপতি অধ্যক্ষ কবির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. হাফিজ উদ্দিন, অ্যাসোসিয়েশনের সহসভাপতি দেওয়ান রাশেদুল হাসান ও কোষাধ্যক্ষ ডা. রেজাউল আলম হেলাল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বৃত্তি তত্ত্বাবধান ও বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ফরহাদ আখতার মো. শাহরিয়ার এবং সদস্য সচিব মোহাম্মদ মোজাম্মেল হক। অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক আলতাফ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকেরা অংশ নেন।

বিষয় :কুমিল্লা