logo
Advertisement

চট্টগ্রামে শিক্ষককে কুপিয়ে টাকা-মোবাইল ছিনিয়ে নিল কিশোর গ্যাং

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,চট্টগ্রাম
চট্টগ্রামে শিক্ষককে কুপিয়ে টাকা-মোবাইল ছিনিয়ে নিল কিশোর গ্যাং
শিক্ষক নজরুল ইসলাম মানিক। ছবি : এশিয়া পোস্ট

চট্টগ্রামের লোহাগাড়ায় এক সহকারী শিক্ষককে কুপিয়ে ও ছুরিকাঘাত করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে। এতে ওই শিক্ষকের শরীরের অন্তত পাঁচটি স্থানে গভীর জখম হয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন।

Advertisement

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে আমিরাবাদ ইউনিয়নের চেরীগ্রামার স্কুল রোড এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত শিক্ষক নজরুল ইসলাম মানিক (৩৬) লোহাগাড়া সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উকিলের পাড়ার বাসিন্দা। তিনি ইকরা আব্দুল জব্বার উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক। এ ঘটনায় তিনি বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করে লোহাগাড়া থানায় এজাহার দিয়েছেন।

এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ আগস্ট দুপুরে ইকরা আব্দুল জব্বার উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র আব্দুল্লাহ হোসাইনকে (১৬) কয়েকজন কিশোর অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানতে পেরে বিদ্যালয়ের শিক্ষকরা ঘটনাস্থলে গিয়ে ছাত্রটিকে উদ্ধার করেন। এ সময় দুই কিশোরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরে ওই রাতেই থানায় মীমাংসার মাধ্যমে পুলিশ তাদের ছেড়ে দেয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

শিক্ষককে পুলিশের কাছে সোপর্দ করার বিষয়টি নিয়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা ক্ষুব্ধ ছিলেন বলে অভিযোগ করা হয়েছে। এরপর থেকে শিক্ষক নজরুল ইসলাম মানিকসহ বিদ্যালয়ের অন্য শিক্ষকদের হুমকি দেওয়া হচ্ছিল বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহার অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে চা দোকান থেকে বাড়ি ফেরার পথে নজরুল ইসলাম মানিকের ওপর হামলা চালানো হয়। এ সময় কয়েকজন কিশোর দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। হামলায় তার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ও ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

মামলায় আরিয়ান মো. আয়ান, মেহেজাদ হোসেন জিহান, সাজিম, মফিজুল কবির সুইন, হামজা, আক্তার হোসেন ও সাহেদকে আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও পাঁচ-সাতজনকে আসামি করা হয়েছে। হামলাকারীরা তার পকেট থেকে নগদ ৪৫ হাজার ২৫০ টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে গেছে বলেও এজাহারে অভিযোগ করা হয়েছে।

ইকরা আব্দুল জব্বার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন সুমন বলেন, ২২ আগস্ট কিশোর গ্যাংয়ের সদস্যরা বিদ্যালয়ের এক ছাত্রকে তুলে নিয়ে গিয়েছিল। ওই ঘটনায় আহত শিক্ষক নজরুল ইসলামের ভাই ও বিদ্যালয়ের শিক্ষক নাজিম উদ্দীন তার সঙ্গে থানায় গিয়েছিলেন। এ কারণে কিশোর গ্যাংয়ের সদস্যরা নাজিম উদ্দীনের ওপর ক্ষুব্ধ হয়ে থাকতে পারেন। সেই বিরোধের জেরে নাজিম উদ্দীনকে লক্ষ্য করে তার ভাই নজরুল ইসলামকে ছুরিকাঘাত করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ হোসাইন আল ইমরান বলেন, একজন আহত শিক্ষককে হাসপাতালে আনা হয়েছিল। তার শরীরের প্রায় পাঁচটি স্থানে গুরুতর জখমের চিহ্ন পাওয়া গেছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, শিক্ষককে হামলার ঘটনায় লিখিত অভিযোগ ও এজাহার পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।