সুন্দরবনে পৃথক অভিযানে হরিণ শিকারের ২৫ ফাঁদ অপসারণ

সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবন এলাকায় পৃথক দুই অভিযানে হরিণ শিকারের ২৫টি ফাঁদ অপসারণ এবং বনদস্যুদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে। বন বিভাগ জানিয়েছে, বনের নিরাপত্তা জোরদারে অভিযান অব্যাহত রয়েছে।
শনিবার (১১ এপ্রিল) মুন্সিগঞ্জ টহল ফাঁড়ির বনকর্মীরা নিয়মিত ফুট পেট্রোলিংয়ের সময় মন্দিরের খাল এলাকায় অভিযান চালিয়ে হরিণ শিকারের জন্য পাতা ২৫টি ‘মালা ফাঁদ’ শনাক্ত করে অপসারণ করেন। এর আগে, শুক্রবার (১০ এপ্রিল) একই রেঞ্জের কোবাদক স্টেশনের আওতাধীন কঞ্চির খালের বাইনতলা এলাকায় বন বিভাগের সঙ্গে বনদস্যুদের গোলাগুলির ঘটনা ঘটে।
বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুল হক জানান, বনের ভেতরে গোপনে এসব ফাঁদ পেতে রাখা হয়েছিল। উদ্ধার হওয়া ফাঁদগুলো ধ্বংস করা হয়েছে।
বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বনদস্যুদের অবস্থান নিশ্চিত হয়ে বনকর্মীরা অভিযানে গেলে দস্যুরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বনকর্মীরাও পাল্টা গুলি চালালে উভয়পক্ষের মধ্যে কয়েক দফা গোলাগুলি হয়।
একপর্যায়ে বন বিভাগের টহল দলের অবস্থান জোরদার হলে বনদস্যুরা পিছু হটে বনের গভীরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৪টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
বন বিভাগ জানিয়েছে, সুন্দরবনে বন ও বন্যপ্রাণী সুরক্ষায় নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।