Advertisement

অন্তর্বাসে কোটি টাকার স্বর্ণ, বিমানবন্দরে ভারতীয় যাত্রী আটক

এশিয়া পোস্ট প্রতিবেদক
অন্তর্বাসে কোটি টাকার স্বর্ণ, বিমানবন্দরে ভারতীয় যাত্রী আটক
চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে আটক ভারতীয় যাত্রী থামিম আনসারি। তার কাছ থেকে ‘ক্যাপসুলসদৃশ’ স্বর্ণ জব্দ করা হয়। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বাসের ভেতরে লুকিয়ে রাখা ‘ক্যাপসুলসদৃশ’ স্বর্ণসহ থামিম আনসারি নামে ভারতীয় এক যাত্রীকে আটক করেছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর—সিআইআইডি।

শনিবার (১ আগস্ট) সকালে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার জি৯-৫২৬ ফ্লাইটে চট্টগ্রামে পৌঁছান থামিম আনসারি। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দারা তাকে আটক করে।

সিআইআইডি সূত্র জানায়, গ্রিন চ্যানেল অতিক্রম করার পর সিআইআইডির চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের একটি দল তাকে নজরদারিতে এনে দেহ তল্লাশি চালায়। একপর্যায়ে তার পরিহিত অন্তর্বাসের ভেতরের পকেটে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ক্যাপসুলসদৃশ আকৃতির স্বর্ণজাত পদার্থ জব্দ করা হয়। মোড়কসামগ্রীসহ উদ্ধার হওয়া বস্তুটির ওজন ৪৫৫ গ্রাম বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা কর্তৃপক্ষ।

সিআইআইডি জানায়, একজন অভিজ্ঞ স্বর্ণকারের সহায়তায় প্যাকিং সামগ্রী অপসারণ করে প্রকৃত স্বর্ণের পরিমাণ ও বিশুদ্ধতা নির্ধারণের কাজ চলছে। প্রাথমিক হিসাবে উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা।

এ ঘটনায় কাস্টমস আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আটক যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলার প্রক্রিয়া চলছে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সংঘটিত স্বর্ণ ও অন্যান্য পণ্যের চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।