logo

ধরে নিয়ে যায় বিএসএফ, ১১ মাস পর পরিবার পেল মরদেহ

ধরে নিয়ে যায় বিএসএফ, ১১ মাস পর পরিবার পেল মরদেহ

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক বাংলাদেশি কৃষক আজিজুর রহমানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে তার মরদেহ ফেরত দেয় বিএসএফ।

এ সময় বাংলাদেশে সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) ও বিএসএফ কর্মকর্তা, বাংলাবান্ধা ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ফুলবাড়ি পুলিশের প্রতিনিধি, কৃষক আজিজুর রহমানের জামাতা দুলাল হোসেন, ভাতিজা সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন। 

আজিজুর রহমান ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার শাহানাবাদ এলাকার বাসিন্দা ছিলেন। 

বিজিবি সূত্রে জানা যায়, গত বছরের ১৪ মে দুপুরে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন ৫০-বিজিবির অধীনে ধর্মগড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তের মেইন পিলার ৩৭৩-এর ১ নম্বর সাব পিলার থেকে অন্তত ৫০ গজ ভারতের অভ্যন্তরে আমবাড়ী নামক স্থানে অবস্থান করছিলেন কৃষক আজিজুর রহমান। এ সময় বিএসএফের টহল দল তাকে ধরে নিয়ে শিলিগুড়ি জেলা কারাগারে হস্তান্তর করে। চলতি বছরের ২২ মার্চ তিনি অসুস্থ বোধ করলে শিলিগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

নিহতের ভাতিজা সোহেল রানা বলেন, আমার বড় আব্বা কৃষি কাজ করতেন। তাকে বিএসএফ ধরে নিয়ে নির্যাতন করে মেরে ফেলেছে। আমরা এ  হত্যাকাণ্ডের বিচার চাই।

বাংলাবান্ধা ইমিগ্রেশনের ইনচার্জ পুলিশের উপপরিদর্শক (এসআই) কেফায়েতুল ওয়ারেস বলেন, শুক্রবার দুপুরে ওই কৃষকের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। পরে ভারতের ফুলবাড়ি পুলিশ ও বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশের মাধ্যমে পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।