পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ বরদাশত করা হবে না: পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, পরিবেশ ধ্বংস করে বা পাহাড় কেটে কোনো ধরনের রিসোর্ট বা পর্যটনকেন্দ্র নির্মাণ বরদাশত করা হবে না।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে রাঙামাটি জেলা পরিষদ কার্যালয়ের অডিটরিয়ামে পরিষদের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দীপেন দেওয়ান বলেন, পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করে পর্যটন শিল্পের বিকাশ সরকার সমর্থন করে না। পাহাড়ের পরিবেশ রক্ষা করে পরিবেশবান্ধব বা ‘ইকো-ট্যুরিজম’ গড়ে তোলাই লক্ষ্য হওয়া উচিত।
তিনি বলেন, আমাদের প্রধান অগ্রাধিকার হলো স্বাস্থ্য ও শিক্ষা খাত। উন্নয়নের নামে প্রজেক্ট তৈরি করে অর্থ অপচয় করার সুযোগ থাকবে না। যেখানে প্রয়োজন নেই, সেখানে প্রকল্প নেওয়া যাবে না। প্রতিটি কাজের যথাযথ তদারকি নিশ্চিত করতে হবে।
দীপেন দেওয়ান বলেন, অবকাঠামো উন্নয়ন যতটুকু প্রয়োজন, তা ইতোমধ্যে হয়েছে। তবে যেখানে একান্ত জরুরি, সেখানে কাজ চলবে। দপ্তরগুলোর মধ্যে সমন্বয়হীনতা দূর করে সমন্বিতভাবে কাজ করতে হবে। জেলা পরিষদের কাজের মাধ্যমেই জেলার উন্নয়নের প্রতিচ্ছবি ফুটে ওঠে। তাই সেবার নামে কোনো ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন—পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ্ আহাম্মদ, রাঙামাটি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম ও জেলা পরিষদের সদস্যরা।